টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হচ্ছেন, এ খবর কে না জানে। চলতি আগস্ট মাসেই তার সন্তানের জন্ম নেওয়ার কথা। শোনা যাচ্ছিলো বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কিন্তু নুসরাতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত জানালে খবরটি মিথ্যা। বুধবারই রাত ১০টায় বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন সাংসদ-অভিনেত্রী।
বুধবার শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে ভারতের একটি গণমাধ্যমের মুখোমুখি হন যশ। সেই ছবিতে অভিনয় করছেন তিনি। সঙ্গে রয়েছেন এনা সাহা। সেখানেই নুসরতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ।
নুসরাত তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন সন্তান জন্মানোর সময়ে যশ যেন তার পাশে থাকেন। তবে যশ কি নুসরাতের সঙ্গে ওই সময়ে থাকবেন? সে বিষয়ে অবশ্য এখনই কিছু বলেননি।

মঙ্গলবার একসঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ‘যশরত’। যদিও এ বারেও নেটমাধ্যমে একসঙ্গে কোনও ছবি দেননি তারা। যশ এবং নুসরাত নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে এক রেস্তরাঁর ভিডিও দিয়েছেন। সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা গিয়েছে। প্রায় একই সময়ে দু’জনের প্রোফাইলে সেই দু’টি ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়, একসঙ্গেই ছিলেন তারা।
ইত্তেফাক/বিএএফ
