মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার (২৬ আগস্ট) কুমার নদী থেকে শিহাব (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিহাব সদর উপজেলার ঘটকচরের বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের দেলোয়ার মজুমদারের ছেলে। গত শনিবার দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে গোসল করতে যায় শিহাব। এর পর থেকে নিখোঁজ থাকে শিহাব। ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগীতায় বহু খোঁজাখুজি করার পরও শিশুটির কোন সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার সকালে শিশু শিহাবের মরদেহ কুমার নদে ভেসে উঠলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে।
শিহাবের বাবা দেলোয়ার মজুমদার বলেন, `গত ৫ দিন যাবত বহু খোঁজাখুঁজির করেও শিহাবের সন্ধ্যান পাইনি। বৃহস্পতিবার সকালে আমার সন্তানের লাশ ভেসে উঠে।'
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার বলেন, গত শনিবার দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে শিশুটি গোসল করতে গিয়ে ডুবে যায়। আমরা দুইদিন নদীতে অনেক খোঁজাখুজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল তার অনেক দূরে বৃহস্পতিবার সকালে নদীর এক প্রান্তে শিশুটির মরহেদ ভেসে উঠে। আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি।
এদিকে শিহাবের পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস।
ইত্তেফাক/এসজেড
