শোক দিবসে ইউসেপ বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৬:০৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম। ইউসেপ বংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আবদুল করিম। 

বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের স্বরন করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতের হত্যাকান্ড বাঙালি জাতির ইতিহাসের কলঙ্কময় ও ঘৃণ্যতম  অধ্যায়। জাতির পিতা বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবিকার মান উন্নয়নে ইউসেপ প্রতিষ্ঠাতা, নিউজিল্যান্ডের লিন্ডসে এ্যালান চেইনীর মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের দক্ষতা উন্নয়ন ও শোভন কর্মসূচি নিশ্চিত করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে কে এম তরিকুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বিধায় ইউসেপ বাংলাদেশের প্রশংসা করেন। 

মিসেস পারভীন মাহমুদ বলেন জাতির পিতার হত্যাকারীরা তাঁর দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করতে পারেনি। ইউসেপ বাংলাদেশ, জন্ম থেকেই শিক্ষা ও কারিগরি দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সুবিধাবি তদের জীবন মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে আসছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসেপ বংলাদেশের ভাইস চেয়ারপরসন উজমা চৌধুরী, সদস্য এ মতিন চৌধুরী এবং জিতেন্দ্র লাল ভৌমিকসহ প্রমুখ।

ইত্তেফাক/আরকে