ইংলিশ কিংবদন্তি টেড ডেক্সটার আর নেই

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৮:২৩

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টেড ডেক্সটার। ৮৬ বছর বয়সে গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক ক্রিকেটার। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেন ডেক্সটার। শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যানের পাশাপাশি মিডিয়াম পেসার হিসেবেও বেশ কার্যকরী ছিলেন তিনি।

২২ গজের লড়াইয়ে সাহসিকতার জন্য ‘লর্ড টেড’ হিসেবেই বেশি পরিচিত ডেক্সটার। যার উপযুক্ত উদাহরণ ১৯৬৩ সালে লর্ডস টেস্ট। সে ম্যাচে দুই কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার স্যার ওয়েস হল ও চার্লি গ্রিফিথকে তুলোধুনো করে ৭৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাটকে এমনভাবে ঘুরাতেন, যেখানে বল ধরতে গিয়ে ফিল্ডারের তালু পর্যন্ত ফেটে যেত। ১৯৫৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ইতালিতে জন্ম নেওয়া ডেক্সটারের। শেষ ম্যাচটি খেলেন ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই সময়ে ৬৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৯ সেঞ্চুরি ও ২৭ হাফ সেঞ্চুরিসহ ৪৭ দশমিক ৮৯ গড়ে ৪ হাজার ৫০২ রান করেছেন তিনি। অধিনায়ক হিসেবে আরও উজ্জ্বল ছিল ডেক্সটারের ব্যাট। ৩০ ম্যাচে রান করেছেন ৫৩ দশমিক ৯৩ গড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো নির্দিষ্ট অ্যাশেজে তার থেকে বেশি রান করতে পারেননি আর কোনো ইংলিশ অধিনায়ক। ১৯৬২-৬৩ অ্যাশেজে মোট ৪৮১ রান করেছিলেন তিনি।

ক্রিকেটের চেয়ে গলফই বেশি টানত ডেক্সটারকে। অবসরের পর নাম লিখিয়েছেন সাংবাদিকতাতেও। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কাজ করেছেন ইংল্যান্ডের প্রধান নির্বাচক হিসেবে। তাছাড়া, আইসিসি র‌্যাংকিং পদ্ধতি উদ্ভাবনের পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। তাই ক্রিকেট নামক অভিজাতের খেলায়, আভিজাত্যের প্রতীক হিসেবে সবার ওপরেই থাকবে ডেক্সটারের নাম।

ইত্তেফাক/এমআর