নৌকাডুবিতে মৃত ১৬ জনের পরিচয় জানা গেলো 

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৯:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করার পর নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

নিহত ২১ জনের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫) ও ফারুক মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০), দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসফিয়া মিম (১২), সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেরকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর (৮), চিলোকুট গ্রামের আব্দুল্লাহ মিয়ার শিশু কন্যা তাকুয়া (৮), নরসিংসার গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭) ও ভাটপাড়া গ্রামের ঝারু মিয়ার মেয়ে শারমিন (১৮)।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ২১

আরও রয়েছেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হকের ছেলে আরিফ বিল্লাহ (২০), বেড়াগাঁও গ্রামের মৃত মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৭) ও তার মেয়ে মুন্নি (১০), আব্দুল হাসিমের স্ত্রী কমলা বেগম (৫২), নূরপুর গ্রামের মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০), আদমপুর গ্রামের অখিল বিশ্বাসের স্ত্রী অঞ্জনী বিশ্বাস (৩০) ও পরিমল বিশ্বাসের মেয়ে তিথিবা বিশ্বাস (২) এবং ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাস্ত বৈদ্য ইত্তেফাক অনলাইনকে জানান, সুরতহাল করার পর শনাক্ত করে ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহের সঙ্গে দাফনের জন্য স্বজনদের হাতে ২০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ১৭

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, বালুবোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচে আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

ইত্তেফাক/এএইচপি