গুলশানে দুর্ঘটনায় আহত দুই অভিনেতা আইসিইউতে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০২:৩৬

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার মধ্যরাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচ অভিনয় শিল্পী। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। নাফিজ মো. ইসমাঈল ও জুনায়েদ বোগদাদী নামে ঐ দুইজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আহত বাকি তিন জন হলেন, অভিনয়শিল্পী শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি। তাদের কেবিনে স্থানান্তর করা হয়েছে। আপাতত তারা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গুলশান থানার উপ-পরিদর্শক মো. সুজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার থেকে পাঁচ জনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানিয়েছেন, নাফিজ মো. ইসমাঈল ও জুনায়েদ বোগদাদী নামে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ