মেসির একাদশে থাকা নিয়ে শঙ্কা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৮:২৫

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ভক্তদের বহুল আকাঙ্ক্ষিত সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। রাসের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচে যে লিওনেল মেসি খেলবেন এটা নিশ্চিত করেছেন কোচ মরিসিও পচেত্তিনো; কিন্তু স্তাদে অগুস্তে দেলোন স্টেডিয়ামে অবশ্য তার শুরুর একাদশে না থাকার শঙ্কা জেগেছে। যেটা তৈরি করেছেন পিএসজি কোচ নিজেই। কেননা এখনো মূল একাদশ ঠিকই করেননি তিনি।

মেসি ছাড়াও মৌসুমে প্রথম বারের মতো খেলার সম্ভাবনা রয়েছে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘মেসি, নেইমার ও এমবাপে খুবই ভালো অনুশীলন করছে এবং আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবে। এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করিনি। তবে তারা নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকছে; কিন্তু এখনো জানি না তারা শুরুর একাদশে থাকবে কি না।’

মেসির একাদশে থাকা নিয়ে শঙ্কা

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে গত ১০ আগস্ট পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। তার আসার খবর শুনে উৎসবের নগরীতে পরিণত হয় ফ্রান্সের রাজধানী প্যারিস। বিমানবন্দর থেকে ক্লাব পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে অভ্যর্থনা পাননি এই আর্জেন্টাইন ফুটবলার।

নতুন শহরে খুব দ্রুতই মানিয়ে নিচ্ছেন মেসি। মুখিয়ে আছেন পিএসজির হয়ে অভিষেকের জন্য। পচেত্তিনো বলেন, ‘মেসি খুবই অনুপ্রাণিত একজন মানুষ। সে অসাধারণ পেশাদার এবং দুর্দান্ত এক খেলোয়াড় যে খুব দ্রুতই তার সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। ফ্রেঞ্চ লিগ বেশি উন্মুক্ত ও শারীরিকভাবে আক্রমণ করা হয়। তবে আমি মনে করি সে মানিয়ে নিবে।’

পচেত্তিনো আরও বলেন, ‘আমরা খেলায় নিয়ন্ত্রণ করতে চাই এবং এমনভাবেই সে খেলে অভ্যস্ত। তার মতো খেলোয়াড় যে কোনো লিগেই নির্ণায়ক হতে পারে।’

ইত্তেফাক/এমআর