আফগানিস্তানে আটকা পড়া অন্তত ২০ বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সহায়তা করছে সরকার। আটকা পড়া বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রক্ষা করা হচ্ছে। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদে আফগানিস্তান ছাড়তে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে এই প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে সরকার। বাংলাদেশ আশা করে, আফগানিস্তানে সহায়ক পরিবেশ তৈরি হলে উন্নয়নকর্মীরা আবার ফেরত যেতে পারবে।
সরকারের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আফগান জনগণ ও বিদেশিদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযত মনোভাব দেখানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আশা করে, শিগিগরই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হবে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
ইত্তেফাক/কেকে
