পঞ্চগড়ে মর্টার শেল উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৮

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকার করতোয়া নদী থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় এটি দেখতে পান শ্রমিকরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি মোড় এলাকার রহমত আলী ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি পঞ্চগড় পৌর এলাকার রামেরডাংগা এলাকায় বালি-পাথর তোলার কাজ করতে যান। সেখানে বালির স্তূপে একটি পুরোনো লোহার দণ্ডের মতো দেখতে পান। পরে তারা সেটিকে সিঅ্যান্ডবি মোড় এলাকায় নিয়ে আসেন। বিষয়টি টের পেয়ে তৌহিদুল ইসলাম নামের আরেক ব্যক্তি পঞ্চগড় সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া জানান, বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট এসে এটি ধ্বংসের ব্যবস্থা করবে।