অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের সংলাপ অনুষ্ঠিত

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০০:১৩

জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত, আভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ ও অভিবাসী শ্রমিকদের কল্যাণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (২৯ আগস্ট)  অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস এবং ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রজেক্ট ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট  এন্ড কো-অপারেশন এসডিসি'র সমর্থনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। 

কর্মসূচির শুরুতে সভাপতির বক্তব্যে মাহজাবিন খালেদ প্রতিষ্ঠার সময় থেকে অদ্যাবধি অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস এর উদ্দেশ্য কার্যাবলী ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংলাপের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। 

সংলাপে মূলত তিনটি প্রধান উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। যার মধ্যে অভিবাসীদের অধিকার রক্ষায় ও তাদের উন্নয়নের লক্ষ্যে সংসদীয় ককাস এবং গণমাধ্যমের মধ্যে জ্ঞান অভিজ্ঞতা সম্পর্কে আলোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করার মনোবৃত্তিতে ভাতৃত্ববোধ তৈরি করা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত আভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ ও অভিবাসী শ্রমিকদের কল্যাণ বিষয়ক কর্মরত সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে নির্ভরযোগ্য একটি প্লাটফর্ম তৈরি করা। শেষ উদ্দেশ্যটি ছিল অভিবাসন খাত বিষয়ে নিবেদিত গণমাধ্যম ব্যক্তিত্বদের অভিজ্ঞতার আলোকে তাদের প্রয়োজন এবং ঝুঁকি নিরূপণ করা।

এই সংলাপে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য এবং অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় কমিটির সদস্যসচিব মাহজাবিন খালেদ, সংসদ সদস্য ও সদস্যাগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, অ্যাডভোকেট খোদেজা নাসরিন, আসাদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান এবং নবী নেওয়াজ।

ইত্তেফাক/আরকে