সমালোচকদের মানসিকতা পরিবর্তন করতে বললেন সাকিব

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৩:৫০

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে কিউইদের এই দলটিকে দ্বিতীয় সারির দল বলে আখ্যা দিচ্ছে বিভিন্ন মিডিয়া ও বাংলাদেশি সমর্থকরা। কারণ, যারা ঢাকায় এসেছেন তাদের কেউই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই। কিন্তু সেটি মানতে নারাজ সাকিব আল হাসান।

সম্প্রতি এক ফেসবুক লাইভ আড্ডায় বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় কেবল বাংলাদেশের মিডিয়া কিংবা মানুষরাই এ ধরনের চিন্তাগুলা করে থাকে যে ‘বি’ দল, ‘সি’ দল কিংবা অন্য দল। আসলে নিউজিল্যান্ড জাতীয় দল খেলতে এসেছে। আমাদেরও তাদেরকে সেভাবে সম্মান করা উচিত। সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।’

No description available.

যারা এ ধরনের চিন্তা করছে তাদের চিন্তাধারণাটা পরিবর্তন করাটা খুবই জরুরি মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা এসব চিন্তা করছি না। নিউজিল্যান্ডের যে দলই আসুক না কেনো তাদের হারানোটা বেশ কঠিন হবে বলেই মনে করি। মানুষের ধারণা যে খুব সহজেই জিতে যাব। আসলে খেলাটা এতটা সহজ না।’

সাকিব বলেন, জিততে হলে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। তারা অতটা অভিজ্ঞ না হলেও খুব ভালো দল। এখন যারা স্কোয়াডে আছে তারা ঘরোয়া ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক ভালো পারফর্ম করেই দলে এসেছে।

ইত্তেফাক/টিএ