চট্টগ্রাম বিমানবন্দরে ৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৫:৪৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ফ্লাইটের আনিসুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এ সব সিগারেট উদ্ধার করা হয়। আনিসুলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান ইত্তেফাককে জানান, বিদেশি সিগারেটসহ ওই যাত্রীকে কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় সোপর্দ করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে। 

বিমান নিরাপত্তা শাখার কর্মকর্তারা জানান, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টন সিগারেটের দাম ৩ হাজার টাকা হিসেবে এসব সিগারেটের বাজার মূল্য ৭ লাখ ৫৬ হাজার টাকা।


ইত্তেফাক/ইউবি