মা ও ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা 

সিআইডির এএসপিসহ ৪ জনের জামিন নামঞ্জুর

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:০৮

দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারকৃত আসামি সিআইডির এসএসপি সারোয়ার কবীর সোহাগসহ সিআইডির ৩ সদস্য এবং মাইক্রোবাস চালক হাবিব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। 

কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসান-উল হক ফারুক এবং মাইক্রোবাসচালক হাবিব মিয়ার জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী জামিনের বিরোধিতা করেন। যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক শিশির কুমার বসু চারজনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন। 

মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে গত ২৫ আগস্ট চিরিরবন্দর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামলায় ১০ আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজন আসামির কথা উল্লেখ করা হয়। মামলাটি পরে দিনাজপুর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হলে তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন দিনাজপুর ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান। 

 

ইত্তেফাক/ইউবি