নারী পাচার মামলায় পিতা-পুত্র গ্রেফতার

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৫৯

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ নারী পাচার মামলার দুই আসামিকে মঙ্গলবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন পরিকোর্ট গ্রামের মৃত অলি আহমেদের ছেলে মো. ইদ্রিস মিয়া (৫৫) ও তার পুত্র আবদুল্লা সাফি (২৯)। তারা দুজনই আপন পিতা-পুত্র। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালীর কারাগারে প্রেরণ করা হয়।

সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধা ঘটনার বর্ণনা দিয়ে ইত্তেফাককে জানান, উপজেলার পরিকোর্ট এলাকা থেকে মো. ইদ্রিস মিয়ার সহযোগীতায় তার স্ত্রী আফরোজা বেগম মুন্নি কৌশলে দীর্ঘ এক যুগ আগে একই এলাকার নাছিমা আক্তার জোসনা নামে এক কিশোরীকে নগদ টাকার বিনিময়ে ফেনী এলাকায় পাচার করে দেয়। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে সম্প্রতি নাছিমা আক্তার জোসনা বাড়ি ফিরে সব ঘটনা তার পরিবার ও এলাকাবাসীকে জানায়। পরে বিষয়টি নিয়ে সেনবাগ থানায় নারী পাচার আইনে একটি নিয়মিত মামলা হয়। মামলায় তদন্তে ঘটনার সত্যতা পেয়ে নোয়াখালীর আদালতের প্রতিবেদন দাখিল করেন। পরে আদালতের আদেশে তাদেরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়। 

ইত্তেফাক/এসজেড