‘অভিনয়কে আমি পেশা হিসেবে দেখি’

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২১:৩৭

দীর্ঘদিন ধরে মডেলিং ও উপস্থাপনায় নিজেকে জড়িয়ে রেখেছেন মডেল ও অভিনেতা ফয়সাল দ্বীপ। নিজের অভিনয় ভাবনা ও ইন্ডাস্ট্রির সমসাময়িক বিষয় নিয়ে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

বর্তমান কাজ নিয়ে জানতে চাই—

সম্প্রতি শেষ করলাম ‘কিশোর গ্যাং’ নামের একটি নাটকসহ দুটি বিজ্ঞাপনের কাজ। পাশাপাশি ‘বন্ধু থেকে ভালোবাসা’ ‘ইয়ামাহা’, ‘বিয়ের কার্ড’, ‘ডেলিভারি ম্যান’, ‘ব্রেকআপ’, ‘সুহাসিনী’সহ বেশ কয়েকটি নাটক ও শর্টফিল্মের কাজ করছি। এছাড়া ওটিটির কিছু কাজ নিয়ে কথা চলছে।

ইসতিয়াক আহমেদের সঙ্গে কাজ করলেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

উনি অনেক গুণী ও সহযোগিতা পরায়ণ একজন মানুষ। খুবই মজা করে কাজটি করেছি আমরা। ওনার লেখার ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। একটি গল্প যেভাবে বলা দরকার উনি সেভাবে বলেছেন তার লেখায়।

অভিনয় ও মডেলিং, দুই মাধ্যমেই কাজ করছেন। এটা কী সুযোগের অভাবে, নাকি ক্যারিয়ার সংকটের কারণে?

না, ক্যারিয়ার সংকটের কারণে না। মডেলিং দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হলেও অভিনয়ের চেয়ে কম আনন্দ পাই মডেলিংয়ে। মডেলিংকে ছোট করে বলছি না। তবে একজন অভিনেতা লক্ষ্যই থাকে অভিনয় করা। সেই জায়গা থেকে আমি অভিনয়টাকেই প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করছি। আসলে বেঁচে থাকার জন্য অভিনয়টা প্রয়োজন।

ক্যারিয়ারে দীর্ঘদিন পার করলেন। কিন্তু নিজের অবস্থান সেভাবে তৈরি করতে পারছেন না কেন?

আমি অভিনয়, চাকরি একসঙ্গে করার অনেক কাজই করা হয়ে ওঠেনি। তবে এটাকে আমি পেশা হিসেবেই দেখি। অনেকেই হয়তো আমার পরে এসে ভালো অবস্থান তৈরি করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি, একটা সময় হয়তো সেই অবস্থানেও পৌঁছে যাবো। আমি আসলে ভালো অভিনেতার পাশাপাশি ভালো মানুষ হতে চাই।

ইন্ডাস্ট্রিতে নতুনদের কাজের পরিবেশ কেমন রয়েছে?

শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, সব দেশেই নতুনদের সুযোগ কম দেওয়া হয়। বেশিরভাগ প্রযোজকই চায় একটু পরিচিত মুখ নিয়ে কাজ করতে। পাশাপাশি পরিচালকরাও নতুনদের নিয়ে কাজ করা ঝুঁকির মনে করেন। তবে কোয়ালিটি, ধৈর্য থাকলে একটা সময় ঠিক নতুনরাও অবস্থান তৈরি করতে পারবে।

যাদের ভিউ বেশি তাদের কাজে নেওয়ার প্রবণতাও বেশি। এতে করে কী আপনারা সুযোগ বঞ্চিত হচ্ছেন না?

হ্যাঁ, এটা সত্য যে, যাদের ভিউ বেশি বা স্যোশাল মিডিয়ায় যাদের ফলোয়ার বেশি অথবা টিকটক করেন তাদের সুযোগ বেশি দেওয়া হচ্ছে। এতে অনেকেই কাজ বঞ্চিত হচ্ছেন। আমার মনে হয়, যারা কাজ জানে তাদের সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভিউকে আমি খারাপভাবে দেখি না। দিনশেষে তো ব্যবসায়িক দিকটিও দেখতে হবে।

ওটিটি মাধ্যমে আপনাদের কাজের সুযোগ কেমন দেখছেন?

শুধু আমার না, সবারই দারুণ সম্ভাবনা রয়েছে এই মাধ্যমটিতে। কারণ এখানে পরিচিত মুখ না, গল্পই মূল হিরো। সিন্ডিকেট বিষয়টি ওটিটিতে কম থাকবে এবং মেধাবীরাই কাজ করবে।