নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশসহ আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার রাত পৌনে ১টায় উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশের এ এস আই সোহরাব (৩৫) গুলিবিদ্ধ, ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস ( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পোনে ১টার দিকে বাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পিডবোট ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এক সঙ্গে ৩টি দোকানে হানা দেয়। এই সময় খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। ৫/৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশে-পাশের সব পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বাজারের বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
গোপালদী বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মতো পুলিশ না আসলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারতো।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি। ডাকাতের সঙ্গে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাত গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/কেকে
