বরিশালে কলেজ ছাত্রকে জবাই করে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০

বরিশালে এক কলেজ ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমরান হোসেন হাওলাদার (২২)। সে জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক গ্রামের কৃষক সরোয়ার হোসেন হাওলাদারের পুত্র।

শনিবার সকালে নিজ বাড়ির পার্শ্ববর্তী ফসলী মাঠ থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। সে ভবানীপুরের হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজের বিএ শেষবর্ষের ছাত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার রাতে প্রতিবেশী সেনাসদস্য আবুল কালাম আজাদের বাসায় বিপিএলের ফাইনাল খেলা দেখতে যায় ইমরান। গভীর রাতেও ইমরান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ওই সেনা সদস্যের বাড়িতে খুঁজতে গিয়েও ইমরানকে পায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিলো। 

শনিবার সকালে এক নারী ফসলী জমিতে ইমরানের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

আরও পড়ুনঃ রাবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ‘ইমরানের গলা কাটা ছিল। ডান হাতের কব্জি ওর শরীর থেকে বিচ্ছিন্ন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। তবে কে বা কারা করেছে সে সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।’

এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু