যাত্রীবেশে বাসে ডাকাতি, বাধা দেওয়ায় চালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় বাধা দেওয়ায় বাসের চালক মনছুর আলীকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। ডাকাত সদস্যদের মারধরে গুরুতর আহত হয়েছেন বাসের সুপারভাইজার ও হেলপার। মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বিটিসি চম্পাগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ওঠে ডাকাত দলের সদস্যরা। বাসটি রাত ৩টার দিকে পীরগঞ্জের ধাপেরহাট এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা বাসটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইলসহ সঙ্গে থাকা মালামাল লুট করতে থাকে।

এ সময় বাসচালক বাধা দিতে গেলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। এক পর্যায়ে বাসটি পীরগঞ্জ থানার শেষ সীমানা বিটিসি চম্পাগঞ্জ  নামক স্থানে পৌঁছালে ডাকাতরা বাস থেকে নেমে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধারসহ বাসচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডাকাতরা যাত্রীদের কাছ থেকে প্রয় ৪৫ হাজার টাকা ও ১২টি মোবাইল ফোন লুট করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ডাকাত সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসজেড