পাবনায় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩

পাবনা ঈশ্বরদী উপজেলার ভুটভুটিচালক আবু বক্কার মণ্ডল (৩৫) হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় দুইজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের নুরু সাহার ছেলে রব্বেল হোসেন (৪০) ও একই উপজেলার মুশুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল হোসেন (৩০)। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম (৩০) ও শিপন হোসেন (৩২)। রাব্বি হোসেন নামে একজনকে খালাস দেওয়া হয়। 

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন জানান, ২০১৫ সালের ৪ এপ্রিল রাতে গাড়ি ভাড়ার করার কথা বলে উপজেলার চরমিরকামারি গ্রামের ছকির মণ্ডলের ছেলে আবু বক্কার মণ্ডলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যার পর লাশ ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের পাশে একটি জঙ্গলে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  এ ঘটনায় নিহত বক্কারের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে রব্বেল, রুবেল, রফিকুল ও শিপনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন। 

 

ইত্তেফাক/ইউবি