ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার আটলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া(২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), নাজমুল (১৩), রাহিমা (১১), নাদিয়া (৯), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬), বাবুলকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে বুধবার দুপুরে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।
তিনি আরও জানান, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
ইত্তেফাক/ইউবি

