অবশেষে হোমনা বাজারের সড়কের মাঝখানে বসানো অর্ধ ডজন বিদ্যুতের খুঁটি অপসারণ হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটি অপসারণের কাজ শুরু করেছেন।
হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের অর্ধ ডজন খুঁটির কারণে দীর্ঘ দিন ধরে বাজারের ভিতরে বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। খুঁটিগুলোর কারণে প্রতিনিয়তই যানজট লেগে থাকতো। খুঁটিগুলো অপসারণের জন্য বাজারের ব্যবসায়ীসহ যানবাহন চালকরা দীর্ঘ দিন ধরেই আমার নিকট দাবি জানিয়ে আসছিল। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো জনদুর্ভোগ সৃষ্টি করছে বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে বুঝিয়ে বললে তারা খুঁটি অপসারণের কাজ শুরু করে।
হোমনা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আজিজুর রহমান বলেন, জনস্বার্থে সড়কের মাঝখানে থাকা সকল খুঁটি অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
হোমনা বাজারের সিএনজি অটোরিক্সা চালক মো.সালাহ উদ্দিন বলেন, এমনিতেই বাজারের প্রধান সড়কটির পাশ কম,তার মধ্যে আবার সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো অনেক সমস্যা করে আসছিলো। খুঁটিগুলো অপসারণের উদ্যোগ নেয়ায় পৌর মেয়র ও স্থানীয় বিদ্যুৎ বিভাগকে আমি সিএনজি চালকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
ইত্তেফাক/এসআই
