খানা-খন্দই যেন তাদের প্রতিদিনের সঙ্গী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০

খানা-খন্দ সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মূল সড়ক। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার আট ইউনিয়নের সাধারণ মানুষকে। এদিকে রাস্তার মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বার বার যোগাযোগ করার পরও কোনো সুফল পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গোসাইরহাট বাসস্ট্যান্ড থেকে পেদা বাড়ি গোরস্থান পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার দৈর্ঘ্যের মূল সড়কটির বেহাল দশা। অনেক আগেই জনগণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটি। কিন্তু উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন এ সড়কটি। 

বিকল্প সড়ক না থাকায় উপজেলার পূর্ব দিকের তিন ইউনিয়ন আলালপুর, কোদালপুর, নড়মুড়িতে বসবাসকারীদের প্রতিদিন বাধ্য হয়েই গোসাইরহাট মূল সড়ক দিয়ে ব্যবহার করতে হয়। এতে নিয়মিত ভোগান্তি পোহাচ্ছেন এই তিন ইউনিয়নের সাধারণ মানুষ। এমনকি সড়কে চলাচলরত যানবাহনও বিকল হয়ে পড়ছে মাঝে মধ্যেই। 

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, মূল সড়ক গোসাইরহাট বাসস্ট্যান্ড থেকে পেদা বাড়ি গোরস্থানপর্যন্ত রাস্তাটি জনগণ ও গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তার মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বার বার যোগাযোগ করার পরও কোনো সুফল পাওয়া যায়নি। এ রাস্তা ব্যবহার করে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদায়ানুর রহমান বলেন, পিএমবি মেজর প্রকল্পের অধীনে টেন্ডার হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু হবে। 

ইত্তেফাক/জেডএইচডি