ঘিওরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪

মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। শুক্রবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার হয়।

নিহত গৃহবধূর নাম বীথি আক্তার (২২)। তার স্বামীর নাম মো. বশীর। সে ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রামের মো. কুদ্দুস মণ্ডলের মেয়ে। তার অলিদ নামে দুই বছরের এক শিশু ছেলে রয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

নিহতের কাকা মো. আক্তার হোসেন মণ্ডল জানান, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামের মো. আবুল মণ্ডলের ছেলে বশীরের সাথে প্রায় দশ বছর আগে বীথির বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে কয়েকদিন যাবত স্বামীর সাথে বীথির মনোমালিন্য চলছিল। এরপর গত রাত্রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঘিওর থানার ওসি (তদন্ত ) মো. মহব্বত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআর