সিরাজগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৬) বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাদপুর চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে দাফন করা হয়। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার। এসময় এমপিকে চিরকালের জন্য বিদায় দিতে এবং জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষের ঢল নামে শাহজাদপুরে।

উল্লেখ্য, জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে তুরস্ক নেওয়া হয়। ইস্তাম্বুল মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাতে ভোর ৩টা ২০ মিনিটে মারা যান। এদিকে শুক্রবার ভোরে ঢাকায় তার লাশ আনা হলে সেখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 


ইত্তেফাক/এমএএম