গাজীপুরে কবর থেকে ৩ কঙ্কাল চুরি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে তিনটি মানব কঙ্কাল চুরি হয়েছে। উপজেলার পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আ: খালেকের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবক শাকিল জানান, ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোরে ফজরের নামাজ পরে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কবরস্থানের কবরগুলোর মাটি খোদাই করা দেখতে পান। পরে স্থানীয় লোকদের ডেকে এনে ঘটনাটি দেখান। 

মুস্তাফিজুর রহমান নামে একজন জানান, এ কবরস্থানে তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্যের কবর রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত চোর পাঁচটি কবরের মাটি খোদাই করে। তিনটি কবর থেকে তার স্ত্রী ফরিদা রহমান, শাশুরী জুসনা বেগম ও তোফাজ্জল হোসেনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উলেখ্য, এর আগে গত ৯ আগষ্ট রাতে উপজেলার চন্নাপারা এলাকায় কঙ্কাল চুরির সময় স্থানীয় জনতা এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।

ইত্তেফাক/এসজেড