বিদেশগামী যাত্রীদের জন্য দেশের ৩টি বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। শুক্রবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষার জন্য আরটিপিসিআর ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মোছলেম উদ্দিন বলেন, “যারা এখন বিদেশ যাচ্ছেন তাদের করোনার পরীক্ষা করে যেতে হয়। কিন্তু পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ার কারণে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রার ছয় ঘণ্টা আগে পরীক্ষার ফলাফল জমা দিতে হয়। যে কারণে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।”
এই ভোগান্তি থেকে রক্ষায় তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখার দাবি জানান।
ইত্তেফাক/আরকে
