ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২১

ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দার সীমান্তবর্তীস্থানে বালুবোঝাই ট্রাকের চাপায় মাহিন্দ্রা অটোরিকশার দুই নারীযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জ সাধুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা খাতুন ও মাজেদা বেগম। দুই জনের বয়স ৫০- এর ওপরে। মাজেদার বাড়ি গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামে। রহিমার ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার সাধুপাড়া নামক স্থানে বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ওই অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত অবস্থায় অন্তত ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একঘণ্টা নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউর রহমান শিপন বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।

ইত্তেফাক/এমএএম