নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল এবং গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল পাস হয়েছে। এ ছাড়া সংসদে বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল পাস হয়েছে।
শনিবার জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বিল তিনটি পাসের প্রস্তাব করেন।
সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি, ক্ষমতা অর্পণ, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান, নির্বাচন কমিশন থেকে বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিলে একজন চেয়ারম্যান এবং ছয়জন ট্রাস্টির সমন্বয়ে ট্রাস্টি বোর্ড গঠনের বিধান করা হয়।
এ ছাড়া বিলে ট্রাস্টি বোর্ডের কার্যাবলী, সচিব নিয়োগ, সচিবের দায়িত্ব ও কার্যাবলী, কর্মচারী নিয়োগ, বোর্ডের তহবিল, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, ক্ষমতা অর্পণ, বিধি ও প্রণিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
এ ছাড়া বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিলে বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচন করা না গেলে এডহক বার কাউন্সিল গঠনের বিধান করা হয়েছে। বিলে এ সম্পর্কিত বিদ্যমান অধ্যাদেশ রহিত করার বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুন রশীদ, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বিল তিনটির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে একটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বাসস
ইত্তেফাক/ইউবি
