রাবির সাবেক ভিসি সোবহানের শেষ কর্মদিবসের সব নিয়োগ স্থগিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন গত ৫ মের সব নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

               No description available.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান

এর আগে গত ৫ মে মেয়াদের শেষ দিন মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। এসব জনবল নিয়োগের বৈধতার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এই অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।

অধ্যাপক এম আব্দুস সোবহান ২০১৭ সালের ৭ মে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে মেয়াদের প্রথম দিকে নিয়োগ যোগ্যতা কঠোর করা এবং পরে তা শিথিল করে মেয়ে ও জামাতাকে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যার প্রমাণও পায় ইউজিসির তদন্ত কমিটি।

ইত্তেফাক/এসআই