গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে থেকেই আলোচনায় ছিলেন আর্জেন্টিনার ওই চার খেলোয়াড়। মূলত করোনার কারণে ইংলিশ লিগের ক্লাবগুলোতে খেলা তারকাদের ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি নিয়মের ফলেই এত কাণ্ড। তবুও শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে নামেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো। প্রথম ম্যাচ তারা খেলেছেনও। কিন্তু বিপত্তি বেধেছে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে।
রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ব্রাজিলের সাও পাওলোতে মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ফলে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর সেদিকেই ছিল। কিন্তু ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট পরই খেলা বন্ধ হয়ে যায়। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টিন না করে খেলতে নেমেছেন।
#SelecciónMayor De común acuerdo con el entrenador, @lioscaloni, los futbolistas Emiliano Martínez y Emiliano Buendía fueron autorizados a retornar a su club en el día de la fecha. pic.twitter.com/jcpU7DH7vE
— Selección Argentina ???????? (@Argentina) September 6, 2021
নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলিয়ান বাদে অন্য কেউ ব্রাজিলে আসতে পারবেন না। বিশেষ বিবেচনায় এলেও তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে। কিন্তু আর্জেন্টিনার ওই চার খেলোয়াড় এই নিয়ম মানেননি। অবশ্য, ব্রাজিলের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সংস্থা আনভিসা আগে থেকে বিষয়টি নিয়ে কোনো আপত্তিও জানায়নি।
#SelecciónMayor Los jugadores Giovani Lo Celso y Cristian Romero también quedan desafectados para el partido con Bolivia y regresan a su club. pic.twitter.com/QCaRldjRK8
— Selección Argentina ???????? (@Argentina) September 6, 2021
ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ব্রাজিল ছেড়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। আগামী শুক্রবার বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা। কিন্তু সেখানেও যদি একই সমস্যা হয়! এমন পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে ওই চার খেলোয়াড়কে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আর্জেন্টিনা। তারা ইতিমধ্যে নিজ নিজ ক্লাবের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও মিডফিল্ডার বুয়েন্দিয়া অ্যাস্টন ভিলা এবং ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও মিডফিল্ডার জোভান্নি লো সেলসো টটেনহামের হয়ে খেলেন। তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা।

তবে সরাসরি ইংল্যান্ডে যাচ্ছেন না তারা। কারণ, সেখানে গেলে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে হবে। এমনটা হলে লিগের দুটি ম্যাচ মিস করবেন চারজন। সেটি এড়াতেই আপাতত মাদ্রিদ হয়ে ক্রোয়েশিয়ায় যাবেন তারা। দেশটিতে কোয়ারেন্টিন শেষে দশ দিনের মাথায় ছাড়া পাবেন। ফলে একটি ম্যাচ মিস করতে হবে এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোদের।
ইত্তেফাক/টিএ
