প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজ জয়ে যার অবদান সবচেয়ে বেশি তার নাম নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। সিলেটের এই স্পিনার অস্ট্রেলিয়া সিরিজে নিজের জাত চিনিয়েছিলেন।
স্বভাবতই ম্যাচ সেরার পুরষ্কারটা উঠেছে নাসুমের হাতেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন, অধিনায়কের দিক থেকে কোনো চাপ বা বাড়তি প্রত্যাশা ছাড়াই জ্বলে উঠেছেন তিনি।
মিরপুরের উইকেটকে স্পিনারদের স্বর্গরাজ্য ধরা হয়। সেই স্বর্গীয় উইকেটে নাসুমই পেয়েছিলেন চতুর্থ ম্যাচ শুরুর দায়িত্ব। প্রথম ওভারে কোনো রান না দিয়ে শিকার করেন রাচিন রবীন্দ্রকে। পরের ওভারে সাজঘরে ফেরান বিপদজনক হয়ে ওঠা ফিন অ্যালেনকে। ১২তম ওভারে শিকার করেন পরপর দুই বলে আরও দুই উইকেট, সাথে আরও এক মেডেন ওভার।
ক্যারিয়ার সেরা ফিগার গড়ার দিনে নাসুম দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গড়েছেন একাধিক মেডেন ওভারের কীর্তি। ম্যাচ শেষে তিনি জানান, ‘আসলে এখন পর্যন্ত রিয়াদ ভাই আমাকে কোনোদিনও বলেনি নাসুম আমাকে উইকেট বের করে দে। আমাকে বলেছে- তুই তোর মত করে যা। আমিও চেষ্টা করি রান কম দিয়ে ওভার শেষ করার।’
নাসুম বলেন, ‘উইকেটে টার্ন পাচ্ছিলাম। তাই চেষ্টা করেছি একটা জায়গায় বল করা, উল্টাপাল্টা কিছু চিন্তা করিনি। সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ। অনুভূতি বলতে… আসলে অনেক খুশি লাগছে।’
ইত্তেফাক/এসআই
