ভারতের বিশ্বকাপ দলের মেন্টর ধোনি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৫

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিরাট কোহলিকে অধিনায়ক করে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সেই দলে দীর্ঘ প্রায় চার বছর পর জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার চেয়েও বড় চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিশ্বকাপ দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ঘোষিত বিশ্বকাপ দল প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, প্রধান কোচ রবি শাস্ত্রী ও অন্যান্য কোচিং স্টাফের সঙ্গে কাজ করবেন ধোনি।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করেন ভারতীয় এই অধিনায়ক। এরপর থেকে আইসিসির বড় কোনো ট্রফি জেতাই যেন ভুলে গেছে ভারত। অবশ্য ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল দেশটি। সেটিও ধোনির অধিনায়কত্বে।

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে খেলেছিলেন ধোনি। এরপর থেকেই তিনি দলের বাইরে। পরবর্তীতে ২০২০ সালে অনেকটা নিভৃতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন, এতটুকুই।

একনজরে ভারতের বিশ্বকাপ দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।

এই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে।

ইত্তেফাক/টিএ