আগামী ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে লড়বেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দুই-এক দিনের মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীর নাম ঘোষণা করতে পারে। কিন্তু রাজ্য বিজেপির আশঙ্কা সেই নামে খুব একটা চমক থাকবে না। কারণ, যেসব হেভিওয়েট বিজেপি নেতার কথা ভাবা হয়েছিল তারা কেউ মমতার বিরুদ্ধে প্রার্থী হতে রাজি নন। রাজ্য বিজেপির এক নেতা জানান, গত বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হয়ে হেরেছেন তাদের কেউই দ্বিতীয়বার হারতে চাইছেন না। অনেকেই সরাসরি ‘না’ বলে দিয়েছেন।
গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে প্রার্থী হতে চেয়েছিলেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায়। রাজ্যপাল থাকার মেয়াদ শেষে তথাগতর ইচ্ছা ছিল বিধায়ক হয়ে ফের রাজনীতির ময়দানে নামবেন। কিন্তু দল তাকে প্রার্থী করেনি। সেই জায়গায় বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। দল বললে উপনির্বাচনে লড়াই করতে রাজি বলে ইতিমধ্যেই জানিয়েছেন রুদ্রনীল। কিন্তু রাজ্য বিজেপির একাংশ সেটা চাইছে না। তাদের যুক্তি, নবাগতদের প্রার্থী করে ভালো ফল পায়নি দল। অন্যদিকে, নির্বাচনে দাঁড়াতে চেয়ে কয়েক মাস আগেই অনেক দৌড়ঝাঁপ করা তথাগত এখন বয়সজনিত কারণ দেখিয়ে লড়াই করতেই চাইছেন না।
প্রার্থী হিসেবে অভিনেতা মিঠুন চক্রবর্তী, সাবেক পুলিশ কর্মকর্তা ভারতী ঘোষ, বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হুগলির এমপি লকেট চট্টোপাধ্যায়ের নামও শোনা গিয়েছিল। কিন্তু তারা কেউই লড়তে চাইছেন না। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, দল চাইলে তিনিও প্রার্থী হতে পারেন। যদিও পরে তেমন সম্ভাবনার কথা নাকচ করে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে কে প্রার্থী হবেন।
এদিকে কংগ্রেস পার্টি জানিয়েছে, তারা ভবানীপুর আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে না। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আগামী লোকসভা নির্বাচনকে ঘিরে বৃহত্তর জোটের অঙ্ক কষেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
তবে ভবানীপুর উপনির্বাচনে বামদের প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। গতকাল বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে তার নাম চূড়ান্ত হয়। এরপর দলের পক্ষ থেকে শ্রীজীবের নাম ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/টিএ
