দল ঘোষণার ২০ মিনিট পরই নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের দল জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয় রশিদ খানকে। কিন্তু ২০ মিনিট পার না হতেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই তারকা ক্রিকেটার। দল নির্বাচনে তার মতামত না নেওয়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন রশিদ খান।

এদিকে এসিবির অ্যাকাউন্ট থেকে ঘোষিত দল নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় রশিদ জানিয়েছেন, আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নির্বাচকরা তার সাথে আলোচনা না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রশিদ বলেন, ‘অধিনায়ক ও জাতির দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দল নির্বাচন কাজের অংশ হওয়ার অধিকার রাখি। এসিবি মিডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে তার জন্য আমার কোনো অভিমত নেওয়া হয়নি। আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তানের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের।’

এদিকে বিশ্বকাপ দলে সর্বোচ্চ ১৫ সদস্য থাকার কথা থাকলেও এসিবি ঘোষিত স্কোয়াডে সদস্য সংখ্যা ১৮ জন। তাই স্কোয়াডটি নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা।

ইত্তেফাক/এসআই