কিউই শিবিরে শরীফুলের জোড়া আঘাত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২

মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড। মাত্র ৫.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেন কিউই দুই ওপেনার ফিন অ্যালেন ও রচিন রবীন্দ্রা। এরপরই জোড়া আঘাত হেনেছেন পেসার শরীফুল ইসলাম।

প্রথমেই রবীন্দ্রাকে আউট করেন তিনি। তার দুর্দান্ত ডেলিভারিতে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন কিউই ওপেনার। ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেন তিনি। এর পরের বলেই অপর ওপেনার অ্যালেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেস সেনসেশন। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান।

তবে ওভারের শেষ বলে আর রক্ষা পাননি। দারণ এক ডেলিভারিতে দুর্দান্ত খেলতে থাকা অ্যালেনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন শরীফুল। আউট হওয়ার আগে ৩ ছক্কার বিনিময়ে ২৪ বলে ৪১ রান করেন কিউই ব্যাটসম্যান।

দলীয় ৭১ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছে সফরকারীরা। এবার তাদের দুর্গে আঘাত হেনেছেন আফিফ হোসেন। তার শিকার উইল ইয়াং। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

বাংলাদেশ দলে আজ চারটি পরিবর্তন এনেছে। একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন মেহেদি হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ইত্তেফাক/টিএ