আফগানদের বিশ্বকাপে দেখতে চান না অজি অধিনায়ক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে আসন্ন একমাত্র টেস্ট না খেলার হুমকি দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের শর্ত হচ্ছে, নারীদের খেলার অনুমতি না দিলে রশিদ খানদের সঙ্গে টেস্ট খেলবে না অজিরা।

হোবার্টে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। তবে এখন সেটি বাতিল হওয়ার শঙ্কায় রয়েছে। এবার সেটিকে যেন আরও উস্কে দিলেন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন।

No description available.

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, স্থানীয় এক রেডিও শো’তে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছেন অজি দলপতি। নারী ক্রিকেট নিষিদ্ধ করায় তিনি আফগানদের বৈশ্বিক আসরে দেখতে চান না।

আইসিসির নিয়ম অনুযায়ী, সাধারণত টেস্ট খেলুড়ে দলগুলোর ক্ষেত্রে নিজ নিজ বোর্ডের অধীনে নারী ক্রিকেটারদেরও খেলার অনুমতি দিতে হয়। কিন্তু আফগানিস্তানে এখন নারী ক্রিকেট নিষিদ্ধ। ক্ষমতাসীন তালেবানরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পর্দার লঙ্ঘন হবে বিধায় নারীরা কোনো খেলায় অংশ নিতে পারবে না।

মূলত এটি নিয়েই আপত্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার। আইসিসির নিরবতা নিয়েও ক্ষেপেছেন টিম পেইন। তিনি বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সরকার, ক্রিকেটার্স এসোসিয়েশনের সবাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও আইসিসি এখনো চুপ। যা আমাকে অবাক করেছে।

No description available.

বিশ্বকাপ আর এক মাস দূরে। আফগানিস্তানও সেখানে আছে। কিন্তু আমি দলটিকে বিশ্বকাপে দেখতে চাই না। আইসিসির দিক থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও আফগানদের বিশ্বকাপ যাত্রা কঠিন। এমনটাই মনে করেন পেইন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এরকম একটা দল আইসিসির ইভেন্টে কীভাবে খেলতে পারে? কঠিন, খুব কঠিন।’

ইত্তেফাক/টিএ