‘অমানুষ’ ছবিটিতে অভিনয় করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। ছবিটিতে অভিনয় করার অনেক জায়গা ছিল। চমৎকার একটি চরিত্র। চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। কতটা ভালো করেছি সেটা পর্দায় দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’—নতুন ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে কথাগুলো বললেন অভিনেতা রাশেদ মামুন অপু।
ছবিটিতে অপু ছাড়াও মিশা সওদাগর, নিরব, মিথিলা, নওশাবার মতো অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন।
তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও ছবিটির গল্প প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর গেত মাসের মাঝামাঝি এসে শেষ হয়েছে। আমার অংশের ডাবিংও এরইমধ্যে শেষ করেছি। এখানে দুর্দান্ত কয়েকজন অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছি। মিশা সওদাগর ভাই তো অসাধারণ। নিরব, মিথিলা ও নওশাবারাও দারুণ কাজ করেছেন। পরিচালক অনন্য মামুন যত্ন নিয়ে ছবিটি বানিয়েছেন। আমি অমানুষ নিয়ে ভালো কিছুই প্রত্যাশা করছি।’
প্রতিটি ছবিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে এরইমধ্যে দারুণ প্রশংসিত হয়েছেন রাশেদ মামুন অপু। ছোটপর্দা থেকে বড়পর্দায় অবস্থান তৈরি করায় অনন্য উদাহরণ তৈরি করেছেন তিনি। এর ভেতরে ক্যারিয়ারের ঝুলিতেও পুড়েছেন ডজনখানেক ছবি। এছাড়া হাতে রয়েছে নতুন ছবি, ওয়েব সিরিজসহ একাধিক নাটকের কাজ। নিজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে অপু বলেন, ‘সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় সরকারি অনুদানের জলরঙ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শিগগিরই শুটিং শুরু করবো। পাশাপাশি রায়হান রাফির একটি ওয়েব সিরিজেও আগামী মাসে কাজ করতে যাচ্ছি। এছাড়া বেশ কয়েকটি নাটকের কাজ চলছে।’
এদিকে অমানুষ ছবিটির পরিচালক অনন্য মামুন কিছুদিন আগেই জানিয়েছেন, সিনেমা হল খুললেই মুক্তি দেবেন ছবিটি। এরপর ওটিটি প্লাটফর্মেও দেখা যাবে অমানুষ।
উল্লেখ্য, রাশেদ মামুন অপুর ‘জানোয়ার’, ‘নবাব এলএলবি’ সিনেমা ও ওয়েব ফিল্ম ‘ট্রল’ সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এছাড়া তার হাতে রয়েছে ‘দামাল’, ‘গাংচিল’, ‘পরাণ’, ‘বর্ডার’, ‘মুক্তি’, ‘যাও পাখি বলো তারে’সহ বেশ কয়েকটি ছবির কাজ।
ইত্তেফাক/বিএএফ
