যেন রাজপুত্র ঘরে ফিরলেন রাজা হয়ে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০

মঞ্চ আগে থেকেই প্রস্তুত ছিল। রাজাও এসেছেন সময়মতো। তার আগে মহাযজ্ঞ দেখতে হাজির হয়েছেন অগণিত দর্শক। নিজের কারুকার্য দিয়ে কাউকেই হতাশ করলেন না মহারাজা। দিনশেষে সবাই ঘরে ফিরলেন বুক ভরা উচ্ছ্বাস নিয়ে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসলসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয়বারের মতো অভিষেক ম্যাচটিকে এভাবেও বর্ণনা করা যায়। এতে কেউ আপত্তিও করবেন না বলেই বিশ্বাস। ফুটবলের রাজপুত্র যে নিজ ঘরে রাজা হয়ে প্রত্যাবর্তন করেছেন।

No description available.

দুই গোল করার মধ্য দিয়ে নিজের প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখলেন। পাশাপাশি সমালোচকদের এটাও জানিয়ে দিলেন, বয়স বাড়লেও মোটেও বুড়ো হয়ে যাননি। পেশির শক্তি বিশ্বের অন্য সব তরুণ খেলোয়াড়দের থেকেও শক্তিশালী। দলও জিতেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।

আগে থেকেই জানা ছিল, ম্যানইউর হয়ে শনিবার অভিষেক হচ্ছে রোনালদোর। তবে প্রথম একাদশে সুযোগ পাবেন নাকি বদলি হিসেবে নামবেন সেটা নিয়েই সংশয় ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথম একাদশেই থাকলেন পর্তুগিজ অধিনায়ক। তার প্রত্যাবর্তন দেখতে গ্যালারি ভর্তি দর্শকের পাশাপাশি হাজির হয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন।

No description available.

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুখে একটাই নাম ছিল, রোনালদো। প্রতিটি মুহূর্তে তারা এই নামে স্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়েন। সেটির প্রতিদানও দিয়েছেন প্রথমার্ধের যোগ করা সময়ে। ম্যাসন গ্রিনউডের শট আটকাতে গিয়ে নিউক্যাসল গোলকিপার ফ্রেডি উডম্যানের গ্লাভস থেকে ফসকে যায় বল। সেটিকে মুহূর্তের মধ্যেই জালে পাঠিয়ে দিলেন ওঁত পেতে থাকা রোনালদো। অথচ প্রতিপক্ষের দুই ডিপেন্ডার এখনো তাদের হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারেননি।

এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ ও ম্যানইউর হয়ে আটকে থাকা রেকর্ডের পাতাটিতে আবারও সচল করলেন সিআরসেভেন। পরে ৬০ মিনিটের মাথায় আরও একটি দুর্দান্ত গোল করেন তিনি। এর মধ্য দিয়ে এখন প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ৮৫ ও ইউনাইটেডের জার্সিতে ১২০তম।

No description available.

অবশ্য, ৫৬ মিনিটে ওল্ড ট্রাফোর্ডের উৎসবের আমেজে ধাক্কা দেন নিউক্যাসলের হাভিয়ের ম্যানকিয়ো। অ্যালান সেইন্ট-ম্যাক্সিমিনের এক দৌড় থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান। এর চার মিনিট পরই আবারও ম্যানইউকে এগিয়ে নেন রোনালদো। পগবার বাড়িয়ে দেওয়া বল পান লুক শ। তিনি থ্রু করে সেটিকে রোনালদোর পায়ে দিয়ে দেন। বাকি কাজটা করতে বিন্দু পরিমাণ ভুল করেননি ক্রিশ্চিয়ানো। তার শট উডম্যানের দুই পায়ের মাঝ দিয়ে জালে চলে গেল।

পরে ৮০ মিনিটের সময় পগবার বাড়িয়ে দেওয়া শটে ইউনাইটেডকে এগিয়ে নেন আরেক পর্তুগিজ ব্রুনো ফার্নান্দেজ। ৯২ মিনিটে ব্যবধান ৪-১ করেন জেসি লিনগার্ড।

ইত্তেফাক/টিএ