নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী আরব আলী (৩৫) খুন হয়েছেন। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজরুল গ্রামের মোবারক আলীর ছেলে আরব আলী (৩৫) একই গ্রামের জয়নাল আবেদীনের তালাকপ্রাপ্ত স্ত্রী মর্জিনা খাতুনকে (২৮) বিবাহ করে ঘর সংসার শুরু করে। বিবাহের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে মর্জিনা খাতুন আরব আলীকে তালাক দেয়। তবে আরব আলী তালাকনামা হাতে না পাওয়ায় মর্জিনা খাতুনকে স্ত্রী হিসেবে দাবি করেন।

এনিয়ে গত শনিবার বিকেল ৩টায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। তখন মর্জিনা খাতুন ও তার ছেলে মহিদুল ইসলাম মধু (১৫) লাঠি দিয়ে আরব আলীকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুনঃ নাগরপুরে বাস চাপায় এক পথচারী নিহত

নন্দীগ্রাম থানা উপ-পরিদর্শক চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/নূহু