দীর্ঘ ১৮ বছর পর সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। আজ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। কিন্তু টস হওয়ার আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুরো সিরিজ বাতিল ঘোষণা করা হয়েছে।
ক্রিকইনফো জানিয়েছে, আজ রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে টস হয়নি এবং খেলোয়াড়রাও মাঠে আসেননি। তাদেরকে হোটেল রুম ছাড়তে নিষেধ করা হয়েছে।
The Black Caps have abandoned the tour of Pakistan following a security alert from the New Zealand government.
— ICC (@ICC) September 17, 2021
Details ????https://t.co/GMVT3zm18y
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মাঠে থাকা নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শে পাকিস্তান সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড দল এখন পাকিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট বলেন, আমি বুঝতে পারি এটা পিসিবির জন্য বড় ধাক্কা হবে। স্বাগতিক হিসেবে তারা দারুণ আয়োজক। কিন্তু নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি এটাই একমাত্র বিকল্প।
এদিকে, পিসিবি এক বিবৃতি দিয়ে নিউজিল্যান্ডের একতরফা সিদ্ধান্তে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, দিনের শুরুতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছিল যে তাদেরকে নিরাপত্তা সতর্কতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। এর পরই একতরফাভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

পিসিবি এবং পাকিস্তান সরকার সফরকারী সব দলের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও একই আশ্বাস দিয়েছি। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সিস্টেম আমাদের রয়েছে এবং সফরকারী দলের জন্য কোনো নিরাপত্তা শঙ্কা নেই। বিবৃতিতে উল্লেখ করা হয়।
সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল উভয় দলের।
ইত্তেফাক/টিএ
