বাংলাদেশকে ১৯ রানে হারিয়েছে আফগান যুবারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

অবশেষে জয়ের দেখা পেল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৯ রানে হারিয়েছে তারা। অবশ্য প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছে টাইগার যুবারা।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক নাঙ্গেয়ালিয়া খারোটে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১০ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগান ব্যাটসম্যানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মিডল অর্ডারে নামা বিলাল আহমেদ। এছাড়া সুলিমান আরবজাই ৪৩, নাঙ্গেয়ালিয়া খারোটে অপরাজিত ২৭ ও জাহিদুল্লাহ সালিমি করেন ১৫ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দু'টি উইকেট শিকার করেন মহিউদ্দিন তারেক। এছাড়া মুশফিক হাসান, এসএম মেহরাব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন নেন একটি করে উইকেট।

জবাবে ২১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় টাইগার যু্বারা। সর্বোচ্চ ৫০ রানে অপরাজিত থাকেন তাহজিবুল ইসলাম। বাকিদের মধ্যে ইফতেখার হোসেন ১৮, মাহফুজুল ইসলাম ২৬, খালিদ হাসান ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২১ রান করেন।

ইত্তেফাক/টিএ