বিশ্বশান্তি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করে গিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সকালে বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছে দিতে জাতিসংঘ সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও জাতির পিতার বাণী সম্বলিত একটি বসার স্থান উন্মুক্ত করার পর এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শান্তি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন। দেশের মানুষের পাশাপাশি সারাবিশ্বের ক্ষুধা-দারিদ্রে জর্জরিত ও সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখের কথা তিনি ভেবেছেন। তিনি সর্বদা শান্তির জন্যই তিনি সংগ্রাম করেছেন। শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটাই ছিল তার জীবনের লক্ষ্য।

তিনি আরও বলেন, বিশেষ একটি দিনে আজ একটি বৃক্ষ রোপণ করা হলো এবং একটি চেয়ার উৎসর্গ করা হলো। শতবর্ষ ধরে এটি শান্তির বার্তাই বয়ে বেড়াবে।
পাশাপাশি তিনি ইউএন পিসকিপারস মেমোরিয়ালে বিশ্বের সকল শহীদ শান্তিরক্ষীগণের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করে তাদের আত্মার শান্তি প্রার্থনা করেন।
ইত্তেফাক/জেডএইচডি
