জাতিসংঘে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কুয়েরোগা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তিনি অধিবেশনে যোগ দিয়েছিলেন। এর পরই তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা।

এক বিবৃতিতে ব্রাজিল সরকার জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার মারসেলোর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেন প্রেসিডেন্ট জইর বলসোনারো এবং মারসেলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, গত রবিবার নিউইয়র্কের সড়কের পাশে বলসোনারোর সঙ্গে পিৎজা খাচ্ছেন মারসেলো। এ সময় সঙ্গে যারা ছিলেন, তাদের কারো মুখেই মাস্ক ছিল না।

ব্রাজিল প্রতিনিধিদলের বাকি সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে বাকি সবার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে দেশটির প্রতিনিধিদলের আরও এক সদস্যের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/টিএ