ভিটামিনের নামে গর্ভপাতের ওষুধ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

চট্টগ্রামে ভ্রূণ হত্যার অভিযোগে স্বামীসহ  ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন সাজু আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। বাদিনীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ ইত্তেফাক অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

আসামিরা হলেন বাদিনীর স্বামী কাজী শফিউল আলম, শাশুড়ি নূর আয়েশা বেগম, ননদ তসলিমা বেগম ও পারভীন বেগম। 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ ডিসেম্বর সাজু আক্তারের সঙ্গে কাজী শফিউল আলমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের একমাস পর কাজী শফিউল আলম চাকরি উদ্দেশ্যে দুবাই চলে যান। তবে তিনি নিয়মিত আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর সাজু আক্তার অন্তঃসত্ত্বা হলে শাশুড়িসহ বাকি আসামিরা এতে আপত্তি জানান। তারা সাজু আক্তারকে গর্ভপাত করাতে বলেন। এতে রাজি না হওয়ায় স্বামী শফিউল আলমের নির্দেশে শ্বশুর বাড়ির লোকজন ভিটামিন ট্যাবলেট খাওয়ানোর নাম করে সাজু আক্তারকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেন। এতে তার গর্ভের ভ্রূণটি নষ্ট হয়ে যায়। 

পরবর্তী সময়ে সাজু আক্তার পুনরায় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার স্বামীসহ পরিবারের লোকজন এতেও রাজি ছিলেন না। তারা আবার সাজু আক্তারকে গর্ভপাতের জন্য চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর সাজু আক্তারকে মারধর করে ঘর থেকে বের হয়ে যান শফিউল আলম। 

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

/ইত্তেফাক/এনই/