সফররত আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দাপটের সামনে সংগ্রাম করছে বাংলাদেশ যুব দল। সিলেটে স্বাগতিকদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে সফরকারী দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ৩-২ এ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শেষ দুটি ম্যাচই জিতেছে আফগানরা। টানা জয়ে চাঙ্গা দলটি বুধবার (২২ সেপ্টেম্বর) সিরিজের একমাত্র চারদিনের ম্যাচেও বাংলাদেশের যুবাদের চেপে ধরেছে।
লংঙ্গার ভার্সন ক্রিকেটে দুই দলের লড়াইয়ে দারুণ শুরু পেয়েছে সফরকারীরা। দুর্দান্ত বোলিংয়ে বুধবার প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৬২ রানে অলআউট করে দিয়েছে আফগানরা। ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে ৪০ রান তুলেছে আফগান যুব দল। বিলাল সায়েদি ১১, ইজাজ আহমেদ ৮ রানে ব্যাট করছেন। সুলিমান সাফি ৪ রানে রানআউট ও ইসহাক জাজাই ১৭ রান করে ফিরেন।
এর আগে টস জিতে ব্যাটিং করা বাংলাদেশের যুবারা ওপেনিংয়ে পেয়েছিল ৪৬ রানের জুটি। তারপরও স্কোর বড় হয়নি। কারণ, মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। ১৭ রানে শেষ ৬ উইকেট হারায় স্বাগতিকরা। রীতিমতো ধ্বসে পড়েছিল ব্যাটিং লাইন। দু-অঙ্কের ঘর পার হয়েছেন মাত্র ৪ ব্যাটসম্যান। নাবিল ২০, ইফতেখার হোসেন ৩৭, অধিনায়ক আইচ মোল্লা ৩৯, মেহেরব ২৮ রান করেন। আফগান পেসার বিলাল সামি ৫টি, ইজহারুলহক নাভিদ ৪টি, কামরান হোটাক ১টি উইকেট পান।
ইত্তেফাক/টিএ
