প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩

ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে বাইরে আসার সঙ্গে সঙ্গে প্রতারকের খপ্পরে পড়েন কক্সবাজারের ঈদগাঁও এলাকার এক প্রবাসীর স্বজন। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় পালিয়ে যায় প্রতারক চক্র। বৃহস্পতিবার আবারও একই জায়গায় আসেন সেই প্রতারক চক্রের তিন সদস্য। আগের দিনের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা সেই প্রতারক তিনজনকে জনতার সহায়তায় আটক করে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং আগের দিন হাতিয়ে নেওয়া টাকাও জব্দ করা হয়।

আটক তিন প্রতারকরা হলেন, মাদারিপুরের শিবচর থানার বহেরাতলা এলাকার মৃত লাল মিয়া ফকিরের ছেলে মো. খোকন (৫০), শিবচরের শিরুয়াইল ইউপির পূর্ব কাকুরার মৃত মফিজ উদ্দিন মাতব্বরের ছেলে মো. ফারুক (৪৮) ও  ঢাকার সাভার থানার শিমুলিয়া গোয়ালবাড়ির মৃত ইসমাইলের ছেলে মো. সেলিম (৪৩)।

ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, বুধবার সন্ধ্যায় খবর পায় প্রতারক চক্রের সদস্যরা ইসলামী ব্যাংকের একজন গ্রাহকের তোলা এক লাখ টাকা ছলচাতুরীর মাধ্যমে লুট করে পালিয়ে যায়। বিষয়টি ঈদগাঁও বাস স্টেশনের ব্যবসায়ী ফরিদুল আলমের মালিকানাধীন ‘আলাদিনের চেরাগ’ ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ধরা পড়ে। অতিসহজে এক লাখ টাকা হাতাতে পারায় আরও প্রতারণার আশায় ২৩ সেপ্টেম্বর উক্ত প্রতারক চক্র আবারো ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় আসে। তারা আগের দিনের মতো ঘুরাফেরা করে ব্যাংকে আসা সহজসরল গ্রাহক খুঁজছিল। তাদের দেখে আগের দিনের ঘটনাটি জানা বাস স্টেশনের লোকজন ব্যবসায়ী ফরিদকে বললে তিনি আগের দিনের সিসিটিভি ফুটেজ চেক করে প্রতারক চক্রকে সনাক্ত করেন। এতে জনতা তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পরে এসআই রেজাউল, শামীম আল মামুন, এএসআই রাসেল কাজীসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে প্রতারকদের আটক করতে সক্ষম হন।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে বুধবার আত্মসাৎ করা টাকা উদ্ধার করা হয়। এসময় প্রতারণা কাজে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঈদগাঁও থানার ওসি।

ইত্তেফাক/এমআর