বিশ্বকাপে শ্রীলঙ্কার মেন্টর জয়াবর্ধনে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর (পরামর্শক) হিসেবে নিয়োগ দিয়ে চমক দিয়েছিল ভারত। এবার তাদের পথেই যেন হাটল শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে মেন্টর বানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আইপিএলের আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন জয়াবর্ধনে। কাজ করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে। তাই মরুর দেশটির কন্ডিশন সম্পর্কে বেশ ভালোই জানাশোনা থাকবে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। সেই অভিজ্ঞতা এবার ভাগাভাগি করে নিবেন লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে। জাতীয় দলের পাশাপাশি জয়াবর্ধনেকে অনুর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবেও নিয়োগ দিয়েছে এসএলসি। পাঁচ মাস সময়ের মধ্যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য যুবাদের তৈরি করবেন তিনি।

আগামী ১৮ অক্টোবর থেকে নামিবিয়া বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে তাদের বাকি প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

ইত্তেফাক/এসআই