বরগুনার পাথরঘাটায় উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন রাস্তার পাশে বিস্কুটের কার্টুনের মধ্যে মুখে টেপ লাগানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ বিভিন্নস্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের হেফাজতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছে।
জানা যায়, পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বিস্কুটের কার্টুন দেখতে পায় স্থানীয়রা। সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ বিস্কুটের কার্টুনটি খুললে ভিতর থেকে নবজাতক একটি ছেলে শিশুর মুখে টেপ পেঁচানো অবস্থায় দেখতে পায়।
পাথরঘাটা থানার উপ-পরিদর্শক আবদুল হালিম জানান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২ দিকে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে।
ইত্তেফাক/এমএএম
