আফগানদের কাছে হেরেই গেলো বাংলার যুবারা 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

করোনার কারণে লম্বা সময় মাঠেই নামতে পারেনি নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। করোনার ধাক্কা কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমে অভিজ্ঞতা সুখকর হলো না বিশ্বকাপ জয়ী আকবর আলী-শরীফুলদের উত্তরসূরিদের। টানা তিন জয়ে ওয়ানডে সিরিজটা জিতেছিল বাংলাদেশ যুব দল। কিন্তু শেষ দুটি ম্যাচে আফগানদের কাছে হেরেছিল যুবারা। 

একমাত্র চারদিনের ম্যাচেও আফগানদের দাপট অব্যাহত ছিল। সিলেটে শনিবার চারদিনের ম্যাচে শেষ পর্যন্ত হেরেই গেছে স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করেছে আফগানরা।

শেষ ৬ উইকেটে ৫৮ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ যুব দল। ২২৮ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। নাবিল ৭৬, খালিদ হাসান ২০, আইচ মোল্লা ৪০, আশরাফুল ইসলাম ১৯, মেহেরব ৩০, তাহজিবুল ২০ রান করেন। আফগানদের নাভিদ ৪টি, বিলাল সামি ৩টি, খারোটে ২টি করে উইকেট নিয়েছেন।

পরে জয়ের জন্য আফগানদের টার্গেট দাঁড়ায় ১১০ রান। ৪৩.২ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। বিলাল সায়েদি ৫৪, ইসহাক জাজাই ১৫, সালিমি ১৩, কামরান হোটাক অপরাজিত ২০, খারোটে অপরাজিত ৫ রান করেন। বাংলাদেশের রিপন মন্ডল, মুশফিক হাসান ও আইচ মোল্লা ২টি করে উইকেট নেন।

ইত্তেফাক/এসআই