ইউআইইউতে ন্যাশনাল আইডিয়া কম্পিটিশন ‘আইডিয়াস্ট্রোম’ অনুষ্ঠিত 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯

শেষ হলো দুই দিন ব্যাপী ন্যাশনাল আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠান ‘আইডিয়াস্ট্রোম-২০২১’। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) রোবোটিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সারাদেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা দুটি বিভাগের মাধ্যমে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বুয়েট, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মোট ৯১টি দল সিনিয়র বিভাগে অংশগ্রহণ করে। নটরডেম কলেজ, সেন্ট জোসেফ স্কুল ও কলেজ, ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সহ মোট ৪৩টি দল জুনিয়র বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় বিভিন্ন ধাপ উত্তীর্ণদের সম্মানিত বিচারকদের সামনে তাঁদের আইডিয়া উপস্থাপন ও প্রশ্নোত্তরের  মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।  

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ইউআইইউ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাক্ষর শতাব্দ, সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হোসেন, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড, মাসুকুর রহমান, এআইইউবি ইইই বিভাগের সহকারী অধ্যাপক রিফাত হাজারী, ইউএপি ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. তৃষ্ণা সাবরিনা, বিজ্ঞাপনী সংস্থা এনালাইজেনের অন্যতম প্রতিষ্ঠাতা সুমিত সাহা, প্রিনিয়ার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আরিফ নিজামি, রবি এক্সিয়াটা লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাজেদুল ইসলাম এবং সিংগুলারিটি লিমিটেডের চেয়ারম্যান জাফির শাফি চৌধুরী প্রমুখ।

সিনিয়র বিভাগ হতে, বিজয়ী হয়  'এবসোলুট ডুয়ো', ২য়  'ব্রেইন টিজার', ৩য় হয় 'শব্দ কল্প দ্রুম', জুনিয়র বিভাগ হতে বিজয়ী দলের নাম 'ইকোনমি', ২য় হয় 'ওয়াশটেক', ৩য় হয় 'আশা'।  উভয়বিভাগের বিজয়ীদেরকে ১ম পুরস্কার ২০ হাজার টাকা, ২য় পুরস্কার ১৫ হাজার টাকা ও ৩য় পুরস্কার ১০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকার পুরস্কার দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুব উন্নয়ন কর্মসূচির প্রধান ও লেখক মুনির হাসান। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউআইইউ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সালেকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বক্তারা শিক্ষার্থীদেরকে উদ্ভাবন ও নতুন নতুন প্রযুক্তির দিকে আগ্রহী করে তুলতে প্রযুক্তির বিভিন্ন বিষয় ও ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।  উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী সহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 


ইত্তেফাক/আরকে